ময়মনসিংহে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, উদ্ধারে গিয়ে দাদি খুন
ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে বিরোধের জেরে ভুক্তভোগী শিশুটির দাদিকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ‘ধর্ষণচেষ্টা’ থেকে এক শিশুকে উদ্ধারে গিয়ে তার দাদি খুন হয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরদিন মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার আবুল রবিদাস (৪০) ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, সোমবার রাত ৯টার দিকে চার বছর বয়সি শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা জানতে পারেন, আবুল রবিদাস শিশুটিকে অপহরণ করে বাড়িতে নিয়ে পাশবিক নির্যাতন চালানোর চেষ্টা করেছেন।
তাৎক্ষণিক শিশুটির ৬৫ বছর বয়সি এক দাদি তাকে বাঁচানোর আবুলের বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে আবুল ধারাল দা দিয়ে বৃদ্ধার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ঘটনার পর থেকে পলাতক ছিলেন আবুল রবিদাস। মঙ্গলবার রাত ৩টার দিকে ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিশুকে ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে বিরোধের জেরে ওই বৃদ্ধাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণার কথা বলেছেন ওসি।
গ্রেপ্তারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র প্রদান করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
