২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে বিজিবি সদস্যসহ ২ জনের মৃত্যু

এ ঘটনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার স্ত্রীসহ আহত হয়েছেন আরও তিনজন।

নাটোরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে বিজিবি সদস্যসহ ২ জনের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 10:10 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার বিকালে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান।

নিহত মুক্তাদির আলম (৪৫) মাগুড়ার শ্রীপুর উপজেলার দরিগিলা এলাকার বাসিন্দা। তিনি বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন-১৬ এ নায়েক পদে কর্মরত ছিলেন।

অপর নিহত মো. খলিলুর রহমান (৬০) নওগাঁ জেলার বাসিন্দা। তিনি নওগাঁ সোনালী ব্যাংকের (অবসরপ্রাপ্ত) শাখা ব্যবস্থাপক ছিলেন।

আহত রিনা বেগম (৪৫) খলিলুর রহমানের স্ত্রী। তিনি নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে। আটোরিকশা চালকসহ আহত অপর দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি মোনোয়ারুজ্জামান বলেন, নওগাঁ থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নাটোরের উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ পাঁচ যাত্রী আহত হন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি সদস্য মুক্তাদির মারা যান।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “মুক্তাদির তার মায়ের মৃত্যুর খবরে নিজ বাড়ি মাগুড়ায় যাওয়ার জন্য নাটোরে আসছিলেন। আর খলিলুর রহমান স্ত্রীকে নিয়ে নাটোর শহরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।”

ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মোনোয়ারুজ্জামান বলেন, দুজনের মৃতদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।