২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভবনের এক কক্ষে আগুন, বৃদ্ধের মরদেহ উদ্ধার

“অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্য সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও কক্ষের ভেতরেই ছিলেন শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের ফ্ল্যাটের একটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে; পরে সেখান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার ভোরে শহরের মৌলভী পাড়ায় ছয়তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।

নিহত শাহ ফরহাদ উদ্দিন আহমদের (৬৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। মেরুদণ্ডের সমস্যায় শারীরিকভাবে অসুস্থ ফরহাদ উদ্দিন পরিবারের সঙ্গে ওই ভবনে বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন বলেন, ভোর চারটা ১২ মিনিটে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্য সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও কক্ষের ভেতরেই ছিলেন শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে রাত প্রায় ৩টায় আগুন লেগেছিল। কিন্তু ফায়ার সার্ভিসকে বিলম্বে খবর দেওয়া হয়েছে। ফরহাদ উদ্দিনের পারিবারিক বিরোধ ছিল। তাই অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। ”

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।