Published : 31 Dec 2025, 09:38 PM
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া শিশু সাংবাদিকরা ভবিষ্যতে দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক।
‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যকে নিয়ে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে বুধবার বিকালে সিলেট নগরীর হোটেল নির্ভানা ইনের হলরুমে সনদপত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন। কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ করেন।
উপাচার্য জহিরুল হক বলেন, “কর্মশালায় অংশ নেওয়া সবাই সাংবাদিকতা করবেন না, কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার হবেন। তবে এই দুই দিনের প্রশিক্ষণ আপনাদের সারাজীবন কাজে লাগবে। কারণ, আপনি জেনে গেছেন কীভাবে তথ্য পেতে হবে, তথ্যের সত্যতা কীভাবে যাচাই করতে হবে। আপনাদের অধিকার সম্পর্কে জেনেছেন এই কর্মশালায়। সঠিক পথে চলতে হলে কী করতে হবে তা শিখেছেন।”
প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যৎ জীবনে উন্নতি করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘“ভবিষ্যতে আপনারা যে পেশাতেই যান না কেন, সাংবাদিকতার প্রশিক্ষণ আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে। সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে কাজ করে। তথ্যের আলোকে সমাজকে আলোকিত করা, অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন সাংবাদিকরা।”
এর আগে মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
ইউনিসেফের সহযোগিতায় শিশু সাংবাদিকতার বিভিন্ন কলা-কৌশল, শিশু অধিকার ও ভিডিও কন্টেন্ট নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
বুধবার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হ্যালোর সিলেট জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বাপ্পা মৈত্র। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক তনুশ্রী বিশ্বাস।