শেরপুর দিয়ে ১০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ
তারা সবাই সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাদপুর এলাকার বাসিন্দা।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
শুক্রবার ভোরে উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে জানান বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।
তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু। তারা সবাই সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাদপুর এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, ভারতের ২২ ব্যাটালিয়নের বাবুরাম বিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
তারা অবৈধভাবে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। দুই-তিন দিন আগে তাদেরকে বিমানে করে আসামের গোহাটিতে নিয়ে আসা হয়। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, তাদেরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
