২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, বাইকে অগ্নিসংযোগ

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 05:57 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সেখানে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। 

বুধবার গভীর রাতে উপজেলার মৌখাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব জানান। 

তিনি বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার বলেন, রাতে একদল লোক বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয় থেকে একটি মোটরসাইকেল বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 

স্থানীয় মুদি দোকানদার বিষয়টি বিএনপির নেতাকর্মীদের জানালে তারা কার্যালয়ে পৌঁছাতেই হামলাকারীরা পালিয়ে যায়। 

বিএনপি নেতার ধারণা, এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত থাকতে পারে।

৫ অগাস্ট সরকার পতনের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতারা এলাকাছাড়া। 

এ ব্যাপারে জানতে জেলা আওয়ামী লীগের দুই নেতাকে মোবাইলে কল করা হলেও তারা তা রিসিভ করেননি।