Published : 23 Jun 2026, 09:58 PM
মাগুরা সদর উপজেলার একটি পাট ক্ষেত থেকে দুটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। পরে শাবক দুটি বনে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা।
মঙ্গলবার বিকালে উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয় বলে জানান মাগুরা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার।
স্থানীয় বাসিন্দা ইসরাফিল হোসেন বলেন, শনিবার রাত ১১টার দিকে একটি মা মেছো বাঘকে রাস্তা পার হতে দেখেন তিনি। এ সময় তিনি সেটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে মেছো বাঘটি দুটি বাচ্চা প্রসব করে।
তবে মোবাইলের ভিডিও দেখে বন বিভাগের কর্মকর্তা এটিকে মেছো বিড়াল বলে দাবি করেন। তিন দিন পর বাচ্চা দুটি দেখে ওই কর্মকর্তা মেছো বাঘ হিসেবে শনাক্ত করেন।
বন কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার বলেন, কয়েক দিন আগে জগদল এলাকায় মেছো বাঘ দেখা যায়। বিকালে বাচ্চা দুটি উদ্ধারের পর আবার বনে ছেড়ে দেওয়া হয়।
বাচ্চা দুটি বয়স কম হওয়ায় তাদের মায়ে কাছে যাওয়ার জন্য বনে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
মেছো বাঘ মানুষের ক্ষতি করে না; বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করে বলে জানান এই বন কর্মকর্তা।