নরসিংদীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৪৮ হাজার টাকা জরিমানা
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান না রাখা এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অসংগতি পায় ভ্রাম্যমাণ আদালত।
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুলাতুলী এলাকার ‘সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, ডায়াগনস্টিক সেন্টারটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান না রাখা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অসংগতি পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম ও অসংগতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি বন্ধ করে সংশ্লিষ্টরা চলে যান বলে জানান স্থানীয়রা।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন নরসিংদী ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। এ সময় রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল অফিসার রাজিব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. মাসুদ রানা।
