দোহারে সাংবাদিকের উপরে হামলা, ক্যামেরা-পেনড্রাইভ ছিনতাই
ওসি বলেন, “ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাতনামা কয়েকজনের হামলায় আহত হয়েছেন এক সাংবাদিক।এ সময় সাংবাদিকের সঙ্গে থাকা টাকা, ক্যামেরা ও পেনড্রাইভও ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সন্দেহভাজন একজনের নামসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মামলা করেছেন বলে জানিয়েছেন দোহার থানার ওসি মোহাম্মদ হারুন অর রশীদ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর জয়পাড়ায় অবস্থিত জয়পাড়া সিটি সেন্টার অ্যান্ড নুরুল ইসলাম টাওয়ারের পাশের রাস্তায় এই হামলার শিকার হয়েছেন তানজিম ইসলাম (২৭)।
তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের দোহার উপজেলা প্রতিনিধি ও একই উপজেলার পূর্ব লটাখোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মামলার এজাহারের বরাতে ওসি হারুন অর রশিদ জানান, শুক্রবার একটি অনুষ্ঠানের সংবাদ করার জন্য তথ্য সংগ্রহ শেষ করে সন্ধ্যা ৭টার দিকে ওই সড়ক ধরে ফিরছিলেন তানজিম।
এ সময় পূর্বশত্রুতার জের ধরে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা কয়েকজন হত্যার উদ্দেশ্যে পেছন থেকে তার মাথায়, ঘাড়ে ও বুকেসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কিল, ঘুসি ও লাথি মারে। এবং তার কাছে থাকা নগদ ৬ হাজার ৫৪৬ টাকা, একটি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ তথ্য-ছবি সংরক্ষণে থাকা একটি ৩২ জিবি পেনড্রাইভ ছিনিয়ে নেয়।
পরে তানজিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তানজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, “ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে তানজিমের উপর হামলায় ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা জেলা, দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
