২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে মাছ ধরার ট্রলারসহ ২২ জেলে আটক

দুটি ট্রলার, ১০ মণ শাপলা পাতা মাছ ও মাছ ধরার সরঞ্জামও জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 08:52 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় মাছ ধরতে নামা ২২ জেলেকে আটক করেছে বনবিভাগ।

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে শুক্রবার রাতে আটক করা হয় বলে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানিয়েছেন।

বনবিভাগ দুটি অভিযান চালায়।

এর মধ্যে প্রথম অভিযানে আটক হন- পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হাওলাদার (৩২), মো. কালু (৪৮), ফরহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), মহিপুর গ্রামের মো. ছোমেদ (৪৫), চাপলি গ্রামের মো. রাসেল (৩০), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কোদালীয়া গ্রামের মো. শফিকুল খান (২০)। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক চারজন রয়েছেন।

দ্বিতীয় অভিযানে পটুয়াখালী জেলার মহিপুর থানার খেজুরা গ্রামের ইমাদুল (৪২), ফাশিপাড়া গ্রামের মো: জয়নাল (৪৫), কালাচানপাড়া গ্রামের মোঙশে বাবু (৫০), তারিকাটা গ্রামের রফিকুল (৩৮), ফাশিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), আব্দুল জলিলের ছেলে মো. মাসুম (২৬), আলিপুর গ্রামের জামাল হোসেন (৪৫), ইয়াসিন জমাদ্দার (৪৫) ও ফাশিপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে গোলাম মোস্তফাকে (২৩) আটক করা হয়।

তাদের দুটি ট্রলার, ১০ মণ শাপলা পাতা মাছ ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেন বনবিভাগের সদস্যরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, আটক জেলেদের নিয়ে বনবিভাগের সদস্যরা শনিবার লোকালয়ে ফিরেছে। তারা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরছিলেন।

তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করার তথ্য দিয়ে মশিউর রহমান বলেন, জব্দ করা মাছ গুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।