নরসিংদীতে বিস্ফোরক মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাউসার রশিদ বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার বীর আহমদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মাহতাবুর রহমান।
বিপ্লবের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিপ্লব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।
বিকালে রামপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ পরিদর্শক মাহতাবুর রহমান।
আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
