২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্তা নিহত, ছেলে-মিস্ত্রি হাসপাতালে

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন; তবে তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 11:17 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি বাড়ির বারান্দায় স্টিলের পাইপ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্তা মারা গেছেন। এতে আহত হয়েছেন নিহতের ছেলে ও এক মিস্ত্রি।

শনিবার বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন।

নিহত আরফান মোল্লা (৫৫) ওই এলাকার প্রয়াত আফতাব মোল্লার ছেলে।

আহত আরফান মোল্লার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং স্থানীয় মিস্ত্রি সাদিকুর রহমান (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসাধীন।

ঘটনাস্থলে যাওয়া এসআই নিরঞ্জন কুমার দাস বলেন, চারতলা ভবনের চতুর্থ তলার বারান্দায় লাগানোর জন্য সিঁড়িতে স্টিলের পাইপ কাটার কাজ করছিলেন ভুক্তভোগীরা। এ সময় লম্বা তিনটি পাইপ সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে বাইরে বের করা হয়। তবে ওই পাইপ পাশের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে লাগলে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

“ঘটনাস্থলেই মারা যান গৃহকর্তা। তার হাতটি পুরো পুড়ে গেছে। আহত অপর দুজনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা”, বলেন তিনি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।