Published : 29 Jun 2025, 05:30 PM
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর চরের কেওড়া বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মুখমণ্ডল থেতলানো মরদেহটি গলায় পেঁচানো নেটের সঙ্গে আটকে কেওড়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল।
রোববার সকাল ১০টার দিকে প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহন খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয় বলে জানিয়েছেন ওসি শামসুল আরেফিন।
আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে।
প্রত্যক্ষদর্শী প্রতাপনগর আবাসনের বাসিন্দা আব্দুল মজিদ সরদারের ছেলে মিলন বলেন, নদীতে কাঁকড়া ধরার জন্য বেলা পৌনে ১০টার দিকে কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় কেওড়া বাগানের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পেয়ে তিনি বেড়িবাঁধে উপর ফিরে এসে স্থানীয়দের বিষয়টি জানান।
স্থানীয় মাসুদ আলী বলেন, প্রথম নজরে দেখলে মৃত ব্যক্তি নেটে আটকা পড়ে আছে মনে হলেও কাছে গেলে দেখা যাচ্ছে তার মুখমণ্ডল থেতলানো। গাছটি মোটামুটি বড়, কেউ বা কারা হত্যা করে তাকে কেওড়া গাছে রেখে যেতে পারে।
ওসি শামসুল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সঙ্গে লেগে আছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানা যাবে।