২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ২ হাজার হেক্টর জমির ফসল পানিতে, সিলেটে মানববন্ধনে বক্তারা

হাওরে জলাবদ্ধতা নিরসন ও বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 07:13 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জে অর্ধশত হাওরে অন্তত দুই হাজার হেক্টর জমির ফসল পানিতে তলেয়ে গেছে। হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

হাওরে জলাবদ্ধতা নিরসন ও বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে ডাকা সিলেটে এক মানববন্ধনে এসব বলেন বক্তারা। 

‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার’ আয়োজনে শনিবার বিকালে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, বোরো মৌসুমে হাওরে পানি জমতে দেওয়া যাবে না। একইসঙ্গে পাহাড়ি ঢল যাতে হাওরে ঢুকতে না পারে সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। দ্বিমুখী এই চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। 

স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা, কারিগরি বিশেষজ্ঞদের মতামত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাওর ব্যবস্থাপনার একটি টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আয়োজকরা।

বর্ষার আগেই তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের সিংহভাগ ধান পানিতে তলিয়ে গেছে জানিয়ে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত অন্য হাওরগুলোর মধ্যে পাখিমারা হাওর, দেখার হাওর, করচার হাওর, কানলার হাওর, খাই হাওর, শাল্লার ছায়ার হাওর, জামালগঞ্জের হালির হাওর, পাগনার হাওর, তাহিরপুরের শনির হাওর, মাটিয়ান হাওর, দিরাই উপজেলার কালিকোটা, টাংনি, হুরামন্দিরা, বরাম ও চাপতির হাওর, মধ্যনগরের ঠগার হাওর,শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর, সাংহাই হাওর, খাই হাওর, জামখলা হাওর ও কাঁচিভাঙা হাওরের নিচু জমি পানিতে তলিয়ে যাচ্ছে।

আয়োজকদের দাবি হাওরে জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ছাড়া হাওরে ব্যাপক ভিত্তিতে নদী খনন, গুরুত্বপূর্ণ স্থানে স্লুইস গেইট স্থাপন ও খাল পুনঃখনন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি ক্ষতিপূরণ ও প্রণোদনা, হাওর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ, গবেষণা করে অস্থায়ী বাঁধের পরিবর্তে কার্যকর প্রযুক্তি ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরী বলেন, “বন্যা হোক কিংবা জলাবদ্ধতা, উভয় ক্ষেত্রেই কৃষকের ক্ষতির ধরণ একই। পানিতে তলিয়ে যাচ্ছে সোনালি ফসল। 

“কৃষকরা ঋণ করে চাষাবাদ করেছেন। কয়েকদিনের বৃষ্টিতে ফসল তলিয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। শুধু ফসলই নয়, গবাদিপশুর খাদ্য সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।”

আইনজীবী এমাদুল্লাহ উল্লাহ শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রতিবছর অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে হাওর রক্ষায় তথাকথিত অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলেও এর বাইরে কোনো কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়নি। হাওরের বাঁধ এখন অনেক ক্ষেত্রে মরণ ফাঁদ হয়ে উঠেছে। এর বিকল্প ভেবে দেখতে হবে।

জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী বলেন, কৃষকরা দীর্ঘদিন ধরে হাওরের গুরুত্বপূর্ণ স্থানে স্লুইস গেইট স্থাপন ও পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছেন। 

হাওরের কিছু অংশে স্লুইস গেইট স্থাপন করা হলে প্রয়োজন অনুযায়ী পানি অপসারণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় মানববন্ধনের শুরুতে লিখিত পাঠ করেন সংস্থার সভাপতি কাসমির রেজা।

এতে ব্লাস্ট সিলেটের সাবেক কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান, মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম, ধর্মপাশার রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, সমাজসেবী মো. দিলশাদ মিয়া এবং বংশীকুণ্ডা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি জেনারুল ইসলাম বক্তব্য দেন।