১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ৬০ হাজার টাকার জাল নোটসহ ২ নারী গ্রেপ্তার

তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করে ঈদ বাজারে ছড়িয়ে দিতেন বলে ভাষ্য পুলিশের।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ময়মনসিংহে জাল নোট চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা ঈদ বাজারে ছড়ানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করেন বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীর।

শুক্রবার ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার বিকালে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ জব্দ করা হয় ৬০ হাজার টাকার জাল নোট।

গ্রেপ্তাররা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার জাফর আলীর মেয়ে পারুল বেগম (২৮), নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল দক্ষিণপাড়া এলাকার প্রয়াত সিদ্দিক আলীর মেয়ে রুবি আক্তার (২৫)। তারা নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে আসছিলেন।

শুক্রবার বেলা ৩টার দিকে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শ্রেণির অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশলে জাল টাকার নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। 

গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে শম্ভুগঞ্জ এলাকা থেকে দুই নারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেপ্তাররা জাল টাকার নোট ক্রয়-বিক্রয়কারী সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তারা ঈদুল আযহা উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।”

তিনি বলেন, গ্রেপ্তার রুবির নামে আগের দুটি মামলা রয়েছে। 

দুই নারীর নামে নতুন মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।