২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্কুলছাত্রী ‘ধর্ষণ’: কৃষকের যাবজ্জীবন

সাজার পাশাপাশি ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

বরিশালে আট বছর আগে কিশোরীকে ধর্ষণের মামলায় এক কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. আজিবর রহমান জানিয়েছেন।

দণ্ডিত মো. হারুন মোল্লা (২২) বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মোল্লার ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

হারুনকে সাজার পাশাপাশি ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। আনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাকেরগঞ্জ উপজেলার একটি স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ২০১৮ সালের ৭ মে অপহরণ করা হয়। পরে তাকে মারধর ও জখম করার হুমকি দিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

তদন্ত শেষে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার এসআই মো. আ. ছবুর ২০১৮ সালের ১৩ জুলাই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দেন।

তিনি বলেন, অপহরণের দায়ে হারুনকে ১৪ বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা দিয়েছেন। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে খালাস পেয়েছেন তিন জন।

রায় ঘোণার পর হারুন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে।”