শরীয়তপুরে সড়কের পাশে পাওয়া ১২৩ হাতবোমা নিষ্ক্রিয়
ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা হাতবোমাগুলো উদ্ধারের পর বিস্ফোরণ ঘটনায়।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সড়কের পাশে পাওয়া ১২৩টি হাতবোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
সোমবার সন্ধ্যায় ১০টি হাতব্যাগ পাওয়া এসব ককটেল উদ্ধারের পর একটি খোলা মাঠে নিষ্ক্রিয় করা হয় বলে জানান শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মো. মুশফিকুর রহমান।
এর আগে সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় সড়কের পাশে বেশ কয়েকটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে, বাহিনীটির একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে হাতবোমাগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করেন।
সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, দুষ্কৃতকারীরা রাস্তার পাশের ঝোপঝাড়ে হাতবোমা ভর্তি ১০টি ব্যাগ রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে।
সন্ধ্যায় ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো তল্লাশি করে ১২৩টি হাতবোমা পায়। পরে ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে হাতবোমাগুলো বিস্ফোরণ ঘটানো হয়।
দুষ্কৃতকারীরা কী উদ্দেশে হাতবোমাগুলো ফেলে গেছে, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
