২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে যুবককে হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন ওই যুবদল নেতা।

গুলি করে যুবককে হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার
মো. বোরহান

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

নোয়াখালীর চাটখিল উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, বৃহস্পতিবার বিকাল তাকে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এর আগে, বুধবার বিকালে চাটখিল পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. বোরহান (৪৮) উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের অলি উল্লার ছেলে। তিনি চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

র‌্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন, আসামিরা তাদের সঙ্গে অপরাধমূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিল মো. মামুনুর রশিদ খান নামে এক ব্যক্তিকে। এতে রাজি না হওয়ায় বোরহানসহ অন্য আসামিরা রশিদ খানকে হত্যার পরিকল্পনা করেন। 

২০১৫ সালের ১৮ মে রশিদ খান মোটরসাইকেলযোগে দেলিয়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে পূর্ব আমানি লক্ষ্মীপুর গ্রামে একটি দোকানের সামনে আসামিরা তার গতিরোধ করেন। 

এরপর তার ওপর এলোপাতাড়ি গুলি চলানো হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

আদালত আসামি বোরহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে চাটখিল থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।