নেত্রকোণার আওয়ামী লীগ নেতা চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
নাশকতা সৃষ্টির অভিযোগে ২ জুলাই অজিত বরণ সরকারের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা হয়, বলছে পুলিশ।
নাশকতার মামলার নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসামি অজিত বরণ সরকারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শিবগঞ্জ থানার ওসি গেলাম কিবরিয়া জানিয়েছেন।
অজিত সরকার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা।
ওসি গেলাম কিবরিয়া বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে ২ জুলাই অজিত বরণ সরকারের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় একটি মামলা হয়। মামলায় প্রধান আসামি করা হয় ওই আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে। মামলায় ১৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজলু মিয়া বাদী হয়ে এ মামলা করেন। অজিদ মামলার ৫ নম্বর আসামি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
মামলায় গত বছরের ১৬ জুলাই খালিয়াজুরী উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার অজিত সরকারকে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ওসি গোলাম কিবরিয়া জানান।
