জনগণের অনুমতি ছাড়া কোনো আইন পাস হতে পারে না: ফরহাদ মজহার
“কমিশনের লোকেরা উপরে বসে বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করছেন। এদের কাদের সঙ্গে আলাপ হচ্ছে, জনগণ তাদের সঙ্গে কতটা উপস্থিত? উত্তর হল, না”, বলেন তিনি।
জনগণের অনুমতি ছাড়া কোনো আইন পাস হতে পারে না বলে মন্তব্য করেছেন কবি, গবেষক ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার।
তিনি বলেছেন, জনগণই সকল ক্ষমতার অধিকারী। তাই জনগণের সম্মতি ছাড়া কেউ নিজেকে শাসক হিসেবে দাবি করতে পারে না। জনগণের অনুমতি ছাড়া কোনো আইন পাস হতে পারে না। এটাকেই বলে জনগণের ক্ষমতা ও গণস্বার্বভৌমত্ব।”
সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমাল্লা গ্রামে বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ গঠন ও বই পড়ার প্রয়োজনীয়তা’ নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, “স্বৈরশাসক ডিজিটাল সিকিউরিটি আইন পাস করেছে, সংবিধান বদলে দিয়েছে। সবকিছু বদলে দিয়ে নিজের নামে রাষ্ট্রের নামকরণ করেছে। এটা কি তিনি করতে পারেন? উত্তর হচ্ছে, না।
“যদি গণস্বার্বভৌমত্ব থাকে, তাহলে এটা তিনি করতে পারেন না। জনগণের পরামর্শে কাজ করতে হবে। এটা যেই সরকার করবে না, তার ভাগ্য স্বৈরশাসকের মত হবে। আর জনগণ যখন এ বিষয়ে সোচ্চার থাকে, তখনই কথা বলে, সমাধান করতে চায়। তার ব্যাতয় ঘটলে গণঅভ্যুত্থান ঘটায়।”
অন্তর্বর্তী সরকারের গঠন করা বিভিন্ন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “কমিশনের লোকেরা উপরে বসে বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করছেন। এদের কাদের সঙ্গে আলাপ হচ্ছে, জনগণ তাদের সঙ্গে কতটা উপস্থিত? উত্তর হল, না।
“তারা আপনাদের (জনগণ) জিজ্ঞাসা করেছিল? চৌদ্দগ্রাম উপজেলা হিসেবে কী সমস্যা, কুমিল্লা জেলা হিসেবে কী সমস্যা? তারা কী জানতে চেয়েছেন? এভাবে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সমাজ সংস্কার করতে পারে না। তারা জনগণের অভিপ্রায় বুঝতে ব্যর্থ হচ্ছে।”
যেকোনো বিষয়ে জনগণ যদি নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে আসতে পারে, তবেই সমাজের জন্য কল্যাণকর হবে বলে মনে করেন এই রাষ্ট্র চিন্তক।
কোমাল্লা ইবতেদায়ী স্বতন্ত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ নুরুল আলম খানের সভাপতিত্বে ও কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক এইচ আর হারুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আগা আজাদ চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন উপস্থিত ছিলেন।
আলোচক হিসেবে কবি, গবেষক ও সাংবাদিক কাজল রশীদ শাহীন, মোহাম্মদ রোমেল, শিশু সাহিত্যিক মামুন সারওয়ার এবং লেখক ও সাংবাদিক আবিদ আজম উপস্থিত ছিলেন।
