‘লাঞ্ছনার’ পর নীলফামারীতে ইন্টার্নদের কর্মবিরতি, ভোগান্তি
স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম বাবলা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে উল্টো তার ওপর চড়াও হওয়ার অভিযোগ করেছেন।
নীলফামারী জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসককে ‘লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি’ দেওয়ার প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
মঙ্গলবার রাত ৮টা থেকে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারসহ তিন দফা দাবি দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসকরা জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের এক শিশুর চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক সুরাইয়া জান্নাত শম্পাকে লাঞ্ছনার অভিযোগ ওঠে নীলফামারী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু ও তার ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম বাবলার বিরুদ্ধে।
ইন্টার্ন চিকিৎসক শম্পা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করেই কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসক সুরাইয়া জান্নাত শম্পা বলেন, “আমি মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত ছিলাম। মঙ্গলবার বিকালে ওয়ার্ডে চারজন ক্রিটিক্যাল রোগী আসায় তাদের ভর্তি করাচ্ছিলাম। সেই মুহূর্তে শামীম শাহ আলম তমু নামের এক ব্যক্তি রোগীর ফাইল নিয়ে আমার কাছে আসেন এবং তার মেয়েকে দেখতে বলেন। আমি তাকে অনুরোধ করে বলি, আমার হাতে ক্রিটিক্যাল চার রোগী রয়েছে তাদের দেখে ও ভর্তি করে আপনার মেয়েকে দেখছি।
“এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তার ফাইল নিয়ে দেখা যায়, উনার মেয়ে তানহার বয়স ১৪ বছর। মেয়েকে জরুরি বিভাগ থেকে শিশু ওয়ার্ডে পাঠানো হয়েছে। এরপরেও উনার মেয়েকে দেখে শিশু ওয়ার্ডের রোগী হওয়ায় কাগজপত্র ও মেয়েকে নিয়ে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডে নিয়ে যেতে বলি। এতে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় আমি কেবিন থেকে বের হয়ে ডিউটি রুমে চলে আসি।”
চিকিৎসক বলেন, “এর কিছু সময় পর তমু ও তার বড় ভাই আব্দুস সালাম বাবলা ডিউটি রুমে এসে পুনরায় আমার ওপর চড়াও হন। অনুমতি ছাড়াই মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগযোগমাধ্যমে প্রচার করতে থাকেন। এ সময় আমি তাদের নিষেধ করলে দুজন আক্রমণাত্মক হয়ে আমার শরীরে আঘাত করেন। আমার হাতে থাকে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং কক্ষ ও কক্ষে থাকা আসবাপত্র ভাঙচুর করেন।”
“এক পর্যায়ে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এ সময় ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীর স্বজন এবং আমাদের হাসপাতালের একজন ওয়ার্ড বয় এসে আমাকে তাদের হাত থেকে উদ্ধার করেন। এরপর খবর পেয়ে সহকর্মীরা ছুটে এলে ওই ব্যক্তিরা তাদের রোগী নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।”
শম্পার সহকর্মী ইন্টার্ন চিকিৎসক আফসানা মিমি দাবি করেন, “বাবলা ও তমু নামের ওই দুই ব্যক্তি দেড় মাস আগে বিনা কারণে আমার ওপর এবং এক সিনিয়র নার্সের ওপর চড়াও হন। তারা আমাদের গায়ে হাত তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময় অন্যান্য রোগী ও হাসপাতালের স্টাফরা এগিয়ে আসায় তারা পালিয়ে যান।
“সেই সময় আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করলেও ওই দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা আমাদের চিকিৎসকদের পুনরায় লাঞ্ছিত করার সাহস পেয়েছে।”
আরেক ইন্টার্ন চিকিৎসক জান্নাতুল ফেরদৌস মিম দাবি করেন, “এমন ঘটনা প্রায়ই ঘটে। রোগীর আত্মীয়-স্বজনরা কোনোকিছু না বুঝেই আমাদের ওপর চড়াও হয়ে লাঞ্ছিত করেন। আমরা এসব বিষয় নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। আজ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা এর বিচার চাই।”
তবে ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম বাবলা। তিনি অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে উল্টো তার ওপর চড়াও হওয়ার অভিযোগ করেছেন।
তিনি বলেন, “আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উপস্থাপন করছেন ওই ইন্টার্ন চিকিৎসক। আমার ভাতিজি পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ভাতিজিকে শিশু ওয়ার্ডে নিতে বললে আমার ভাই শিশু ওয়ার্ডে নিয়ে যায়। সেখানে কোনো চিকিৎসক না থাকায় ওয়ার্ডে থাকা নার্স বলেন, নিচতলায় ডিউটি কক্ষে চিকিৎসক আছেন, সেখানে নিয়ে যান রোগীকে। তাদের কথা অনুযায়ী, হাসপাতালের কেবিনে ভাতিজিকে রেখে ডিউটি কক্ষে যাই। এ সময় ডিউটিতে ছিলেন ইন্টার্ন চিকিৎসক সুরাইয়া জান্নাত শম্পা। তাকে আমার রোগীকে দেখার অনুরোধ করলে তিনি রোগী দেখতে অপরাগতা প্রকাশ করেন।
“এরপরে আমরা তাকে অনুরোধ করতে থাকি। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বের করে আমার ও আমার ভাইয়ের ছবি তুলতে থাকেন। এ সময় তাকে ছবি তোলা বন্ধ করে রোগীকে চিকিৎসা দেওয়ার অনুরোধ করলে তিনি আমাদের ওপর চড়াও হন।”
আব্দুস সালাম বাবলা বলেন, “এ সময় অন্যান্য রোগীরা ওই চিকিৎসকসহ হাসপাতালের অব্যবস্থাপনার নানা অভিযোগ করায় রোগীদের সেই অভিযোগগুলো আমি মোবাইলের মাধ্যমে ফেইসবুকে লাইভ করি। তাদের এমন কর্মকাণ্ড জনসমুখে প্রকাশ করায় এখন চিকিৎসকরা মিথ্যা নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন।”
ইন্টার্ন চিকিৎসক আহসান হাবিব ও ইমরুল কায়েস বলেন, সুরাইয়া জান্নাত শম্পাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষকে তিন দফা দাবি দিয়ে তা বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন।
দাবিগুলো হচ্ছে- ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেপ্তার করতে হবে। অনতিবিলম্বে হাসপাতালের প্রতিটি বিভাগে আনসার নিয়োগের মাধ্যমে সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। এরই মধ্যে বুধবার সারাদিন তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এ বিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আরিফুজ্জামান বলেন, “চিকিৎসক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা যা আছে তাই করা হচ্ছে। এরই মধ্যে থানায় জিডি করা, মামলা করা, সবকিছু প্রক্রিয়াধীন আছে।
“আমরা জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সবকিছু নিয়মমাফিক হবে। মামলা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হবে নাকি এককভাবে হবে- সেই বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব। সব বিষয় প্রক্রিয়াধীন।”
