২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টমেটো ক্ষেতে পড়ে ছিল লাশটি

“মৃত ব্যক্তির পরনে লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জ্যাকেট ছিল।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 03:48 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গলাকাটা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জানান।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।

ওসি বলেন, “সকালে স্থানীয় এক ব্যক্তি টমেটো ক্ষেতে কাজ করতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

“মৃত ব্যক্তির পরনে লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জ্যাকেট ছিল। তার কোমরে চাবি, শার্টের পকেটে একটি বাটন মোবাইল ফোন ও একটি টর্চ লাইট এবং কিছু টাকা পাওয়া গেছে।”  

মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ওসি জাহিদুল জানান।