২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ২ জনের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি তাদের দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বরিশালে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ২ জনের যাবজ্জীবন
ফাইল ছবি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

বরিশালের উজিরপুর উপজেলায় এক নারীকে দলবেঁধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান। 

দণ্ডিতরা হলেন- মুলাদী উপজেলার জাগরনী বাজার এলাকার সিদ্দিক সরদার ও আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের স্বপন বাড়ৈ। রায় ঘোষণার সময় স্বপন বাড়ৈ আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে। 

মামলার নথি থেকে জানা যায়, জমির বিরোধে ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর আগৈলঝাড়া উপজেলার এক নারীকে মোবাইল ফোন করে উজিরপুর উপজেলার প্রথম ব্রিজ এলাকায় আসতে বলেন সিদ্দিক। এরপর ওই নারীকে বাবুগঞ্জ উপজেলা এলাকায় নিয়ে গিয়ে সিদ্দিক ও স্বপন বাড়ৈসহ অজ্ঞাত আরও ছয়জন ধর্ষণ এবং হত্যাচেষ্টা করেন। 

এই সময় ওই নারী চিৎকার করে পালিয়ে যান। এ ঘটনায় ওই নারীর বোন বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। 

অভিযোগ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৯ অক্টোবর বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজওয়ানা আফরিনের আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এর মধ্যে এক আসামি বিচার চলাকালে মারা গেছেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয় বলে জানান বেঞ্চ সহকারী আজিবর রহমান।