মিছিলের ‘প্রস্তুতিকালে’ গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন কোনাবাড়ী থানার ওসি।
গাজীপুর মহানগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সোহান (২৩) কোনাবাড়ী থানা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার রাত ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন আতাউর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি মো. নজরুল ইসলাম।
ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।
ওসি বলেন, শনিবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনাবাড়ী এলাকায় সোহান নেতাকর্মীদের নিয়ে মিটিং-মিছিলের ‘প্রস্তুতি’ নিচ্ছিলেন, এমন খবর পেয়ে পুলিশ আতাউর মার্কেট এলাকায় অভিযান চালায়। সোহানকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে গেছে।
গ্রেপ্তার সোহান কোনাবাড়ীর শামসুল হকের ছেলে।
ওসি জানান, সোহানকে একটি ‘রাজনৈতিক’ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর আদালতের সংশ্লিষ্ট আদালত পরিদর্শক মো. আহসান উল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলন, আদালতের আদেশে ছাত্রলীগ নেতা সোহানকে কারাগারে পাঠানো হয়েছে।
