তারেক রহমানকে বরণের অপেক্ষায় যশোর
উপশহরের কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে দুপুর দেড়টায় পৌঁছাবেন তারেক রহমান।
দীর্ঘ সময় পর যশোরে নির্বাচনি প্রচারে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে প্রচার ও সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন প্রায়।
সমাবেশ ঘিরে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উপশহরের কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে দুপুর দেড়টায় পৌঁছাবেন তারেক রহমান। তিনি হেলিকপ্টারে সমাবেশস্থলের পাশের একটি মাঠে অবতরণ করবেন।
সমাবেশে বক্তব্য দেওয়াসহ যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর ও কুষ্টিয়ার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। যশোরের সমাবেশ শেষে তিনি খুলনায় যাবেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, তারেক রহমানের সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। লক্ষাধিক লোক জনসভায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, যশোরে সাধারণত শহরের অভ্যন্তরে টাউন হল ময়দান অথবা কেন্দ্রীয় ঈদগাহে রাজনৈতিক দলগুলো বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু তারেক রহমানের জনসভায় বিপুল জনসমাগমের কথা ভেবে উপশহরের ক্রীড়া উদ্যানে সমাবেশের আয়োজন করেছে। এ মাঠটি অনেক বড়। এখানে সমাবেশ করায় শহরবাসীর ভোগান্তি হবে না।
জেলা যুবদলের সভাপতি এম তমাল হোসেন বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের ঈদ আনন্দ অনুভব হচ্ছে।”
এদিকে রোববার বিকাল ৫টার দিকে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাবেশস্থল পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, “তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তিনি যেখানে হেলিকপ্টারে নামবেন সেখানে একটি নিরাপত্তা ব্যবস্থা, হেলিপ্যাড থেকে সমাবেশস্থল পর্যন্ত থাকবে একটি ও সমাবেশস্থলে থাকবে আরও একটি নিরাপত্তা বলয় থাকবে।”
