যুক্তরাষ্ট্রে নিহত লিমনের গ্রামের বাড়িতে শোকের ছায়া
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের বাড়িতে তারা থাকেন না।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
লিমনের পরিবারের কেউ এখন আর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের বাড়িতে থাকেন না। তবে, তার চাচা-চাচীসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা আছেন।
গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর জামিল আহমেদে লিমন (২৭)। শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লিমনের চাচা জিয়াউল ইসলাম বলেন, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন। মাঝে মাঝে তারা গ্রামের বাড়ি আসেন।
লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ সালে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।
শুক্রবার রাতে পরিবারের সদস্যরা লিমনের মৃত্যুর সংবাদ পান বলে তার ফুফু আকলিমা আক্তার জানান।
তিনি বলেন, “কয়েকদিন থেকে শুধু নিখোঁজের খবর পাই। গতকাল রাতে হঠাৎ লিমনের মৃত্যু সংবাদ পেয়েছি। আমার ভাতিজার মরদেহ যেন খুব দ্রুত সময়ের দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর লিমনকে যারা হত্যা করেছে তাদের সঠিক বিচার চাই।”
লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হন। দুজনই সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির শিক্ষার্থী।
এরমধ্যে লিমন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি লেখাপড়া করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।
পুলিশ বলেছে, লিমনকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ট্যাম্পায় নিজ বাসায় তাকে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি। পরে তাকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
অন্যদিকে বৃষ্টিকে সর্বশেষ দেখা যায় একই দিন সকাল ১০টার দিকে; ওই সময় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে ছিলেন তিনি।
এদিকে, সবশেষ নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তার বোন আর বেঁচে নেই। যদিও তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি।
