২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দম্পতি ও মেয়ে নিহত

সিরাজগঞ্জ থেকে চাটমোহরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

পাবনায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দম্পতি ও মেয়ে নিহত
প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

পাবনার ফরিদপুর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মেয়েসহ এক দম্পতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর থানার ওসি হাসনাত জামান।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মোটরসাইকেল চালক সোহেল রানা (২৮), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তাদের মেয়ে সুমাইয়া খাতুন (৭)।

ওসি হাসনাত জামান বলেন, সকালে সোহেল রানা স্ত্রী ও সন্তানকে নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে মোটরসাইকেলে করে চাটমোহরে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই আউলিয়া খাতুন ও মেয়ে সুমাইয়া মারা যায়। গুরুতর আহত সোহেলকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিকালে তিনিও মারা যান।

খবর পেয়ে পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

ওসি হাসনাত জামান বলেন, ঘটনার পরপর চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।