নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়হানকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন মা।
শনিবার পরিবারের অভিযোগের ভিত্তিতে রায়হান মিয়াকে মাদক সেবনের সময় আটক করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদ রানা।
মাদকাসক্ত রায়হান মিয়া (২৫) উপজেলার মাঝেরচর গ্রামের মৃত জামির মিয়ার ছেলে।
রায়হান মিয়ার মা বলেন, দীর্ঘদিন ধরে ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে অশান্তি চলছিল। সে নিয়মিত মাদক সেবন করত এবং টাকা না পেলে পরিবারের সদস্যদের মারধর করত।
অনেকবার বুঝিয়েও কোনো পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত তিনি পুলিশ ও প্রশাসনের সহায়তা নেন।
ইউএনও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়হানকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
