২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝগড়া থামাতে গিয়ে লক্ষ্মীপুরে কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

পেশায় ব্যবসায়ী বেল্লাল কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

বিডিনিউজ২৪

‎লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 05:25 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

‎‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই রিকশা চালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষিতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাব রেজিস্ট্রি কার্যালয়ের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে বলে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান।  

নিহত বেল্লাল হোসেন মিশরী (৫০) উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।

নিহত বেল্লাল হোসেন মিশরী (৫০) উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনার পর বিকালে ঘটনায় জড়িত সন্দেহভাজন রিকশাচালক আরমানের গ্রেপ্তার ও বিচার দাবি করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। 

আরমান রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে। 

‎প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও কবির মোহরির বাকবিতণ্ডা করছিলেন। একপর্যায়ে তারা মারামারিতে জড়ান। এটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান।

এ সময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, “আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” 

‎রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির তদন্ত চলছে।”