Published : 14 Aug 2026, 02:35 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মারা যাওয়া শিশুদের মধ্যে আরাফাত ইয়াছিনের বয়স এক বছর সাত মাস, সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা বদরুল ইসলামের ছেলে। অপর শিশু পাঁচ মাস ১৯ দিন বয়সি মো. সাইফান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা সামির হুসেনের ছেলে।
এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৩৩ জনের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকী ১২৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।