১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

নাসিম উদ্দিন রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজের অস্ত্র বুঝে নেন।

কুড়িগ্রামে গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’
মো. নাসিম উদ্দিন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 01:59 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিজিবির ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে এক বিজিবি সদস্য মারা গেছেন। পুলিশের ধারণা, নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে ফুলবাড়ির গংগারহাট ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম। 

মারা যাওয়া মো. নাসিম উদ্দিন (২৩) ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। তিনি বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের ফুলবাড়ির গংগারহাট ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। তার সিপাহী নং- ১১৪৬০৪। 

পুলিশ জানায়, নাসিম উদ্দিন রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজের অস্ত্র বুঝে নেন। এক পর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির মধ্যে গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।

ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ধারণা করা হচ্ছে নিজের রাইফেল দিয়ে তিনি নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। অনুসন্ধান চলছে। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। কোনো পক্ষের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান ওসি। 

লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিস্তারিত বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। তবে ঐ জোয়ান মানসিকভাবে অসুস্থ ছিলেন।”