সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যুবলীগের দুই নেতা আটক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মামলায় তাদের আসামি করা হয়েছে বলে জানান ওসি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান জানান।
আটকরা হলেন- সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।
ওসি আনিসুর রহমান বলেন, আটক দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশে বিকালে বিমানবন্দরে আসেন। পরে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে থানা হস্তান্তর করে।
২৩ অগাস্ট বড়লেখা উপজেলার বাঁশতলা গ্রামের বাসিন্দা নরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাদের আসামি করা হয়েছে বলে জানান ওসি।
