Published : 05 Jul 2025, 04:49 PM
ভোলা সদর উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় সাত কোটি টাকার অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি বলেন, “গোপন খবর পেয়ে শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ঢাকা থেকে ভোলায় আসা এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কভার্ড ভ্যান আটক করা হয়।
পরে কভার্ড ভ্যানটি তল্লাশি করে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি পলিথিন, পাঁচ হাজার ৮৮৯টি আতশবাজি এবং শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা ১৯ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করা হয়; যার অনুমানিক বাজার মূল্য সাত কোটি আট লাখ দুই হাজার ৩৬০ টাকা বলে জানান হারুন-অর-রশীদ।
তিনি বলেন, পরে জব্দ করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরে, বিদেশি সিগারেট বরিশাল কাস্টমসে এবং আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।
চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।