২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ব্রিজে পিকআপ ভ্যানের ধাক্কা, সহকারীর মৃত্যু

ফার্নিচার বোঝাই পিকআপটি পটুয়াখালীর দিকে যাচ্ছিল পথে চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দেয়।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 04:30 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

বরগুনার আমতলী উপজেলায় ব্রিজের সঙ্গে ধাক্কায় এক পিকআপ ভ্যানের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালক।

মঙ্গলবার ভোরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আমতলী ফায়ার স্টেশন এর ফায়ার ফাইটার সাব্বির হোসেন জানিয়েছেন।

নিহত মো. আজাদ মোল্লা (২৭) টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা।

আহত চালক মেহেদী (২৮) একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের বাসিন্দা।

ফায়ার ফাইটার সাব্বির বলেন, “ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথে চুনাখালী ব্রিজে গাড়িটির বাম পাশের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি ব্রিজে ধাক্কা দেয়।

“দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে যায় এবং চালক ও তার সহকারী ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।”

তিনি বলেম, “ঘটনাস্থলেই আজাদের মৃত্যু হয়। আর আহত চালককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই আজাদের মৃত্যু হয়েছে। আহত চালককে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আমতলী থানার ওসি মো. হাচনাইন পারভেজ বলেন, নিহত ও আহত ব্যক্তি পিকআপ ভ্যানে করে বিভিন্ন স্থানে মালামাল সরবরাহের কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।