২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে পাঠানোর নামে ‘প্রতারণা’, মাদরাসা শিক্ষকসহ গ্রেপ্তার ২

এ ব্যাপারে নীলফামারী সদর থানায় মামলা হয়েছে।

হজে পাঠানোর নামে ‘প্রতারণা’, মাদরাসা শিক্ষকসহ গ্রেপ্তার ২
হজে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে নীলফামারীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 12:13 AM

Updated : 10 Sep 2026, 12:08 PM

নীলফামারী সদর উপজেলায় হজে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মাদরাসা শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পঞ্চুপুকুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সদর থানার পরির্দশক (তদন্ত) মো. তানভিরুল ইসলাম জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ইটাখোলা ইউনিয়নের উত্তরাশষী গ্রামের বাসিন্দা ও সৈয়দপুরের দক্ষিণ সোনাখুলি কামিল মাদ্রাসার প্রভাষক মো. নুরুল্যাহ ওরফে বুলবুল (৪২) এবং একই ইউনিয়নের সিংদই গ্রামের মো. আবু সাঈদ ওরফে জমির হাফেজ (৪৭)।

মামলার বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার কুখাপাড়া গ্রামের কাজী রায়হানুজ্জামান রোমান (৩৮) এবং তার মা কাজী সেবেকা হক বকুলকে (৫৬) হজে পাঠানোর জন্য ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মোয়াল্লেম নুরুল্যাহ বুলবুল ও আবু সাঈদ ১২ লাখ ৪২ হাজার টাকা নেন। 

দুজনের পাসপোর্টসহ অন্যান্য কাগজ নিয়ে তাদের হজের প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু তারা হজে যেতে পারেননি। 

এ ঘটনায় কাজী রায়হানুজ্জামান রোমান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। মামলার পর পরই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

বাদী কাজী রায়হানুজ্জামান রোমান বলেন, “হজে পাঠানোর জন্য তারা গত বছরের ১৫ নভেম্বর তিন লাখ ৮২ হাজার নেন। এরপর প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে জানানো হয়, ৫ জুন আমাদের ফ্লাইট। এরপর ১৪ মে চেকের মাধ্যমে আরও আট লাখ ৬০ হাজার টাকা নেন। 

“তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।”

সদর থানার পরিদর্শক (তদন্ত) তানভিরুল ইসলাম বলেন, আসামিদের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সহদেব চন্দ্র রায়ের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।