নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান।
নিহতরা হল- ওই এলাকার আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) এবং রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
পুলিশ জানায়, বিকালে শিশুদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পুকুরে নেমে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়।
দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর দুজনকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয় বলেও জানান ওসি সবজেল হোসেন।
