২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা ও তার ছেলেসহ গ্রেপ্তার ৩

শহরে বিশৃঙ্খলা ও নাশকতা আশঙ্কায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2024, 02:03 AM

Updated : 26 Aug 2026, 10:54 AM

বাগেরহাট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা ও নাশকতা অভিযোগে করা মামলায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ ও তার ছেলে চয়ন আহমেদ এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদার।

৪ অগাস্ট বাগেরহাট জেলা আদালত চত্বরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ ওঠে। 

এ ঘটনার প্রায় দুই মাস পর ২৯ সেপ্টেম্বর শহরের হাড়িখালী এলাকার সেখ রেজাউল করিম বাদী হয়ে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আইনজীবী মীর শওকাত আলী বাদশাসহ আওয়ামী লীগের ৯৯ নেতাকর্মীর নামে থানায় একটি মামলা করেন। 

ওসি সাইদুর রহমান রাতে এই প্রতিবেদককে বলেন, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন আহমেদ ও তার ছেলে চয়নসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চয়ন আহমেদ এবং আবু তাহের জামিনে আছেন। তবে ফরিদ উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

শহরে বিশৃঙ্খলা ও নাশকতা আশঙ্কায় এই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে; তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।