২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে আন্দোলনকারীদের ‘বিশাল’ গণমিছিল

শহরের কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে ৩০ মিনিটের মত অবস্থান করে চলে যান আন্দোলনকারীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 01:38 AM

Updated : 26 Aug 2026, 10:09 AM

ময়মনসিংহ শহরে আন্দোলনকারীদের ‘বিশাল’ গণমিছিল হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে গণমিছিলটি টাউন হল মোড় থেকে নতুন বাজার, গাঙ্গিনারপাড় হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। 

সেখানে ৩০ মিনিটের মত অবস্থান করে কর্মসূচি সমাপ্ত করেন শিক্ষার্থীরা।

গণমিছিলকে কেন্দ্র করে নগরীর টাউন হল মোড়ে দুপুর ২টা থেকে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতা। 

প্রথমদিকে টাউন হলে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা থাকলেও বিপুল মানুষের উপস্থিতি এবং তাদের ভুয়া ভুয়া স্লোগানে পিছু হটেন আইনশৃঙ্খলা বাহিনী। 

আন্দোলনকারীরা বলেন, তাদের ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মানিক সাহা বলেন, “আমরা নিজেরাই নিজেদের মনোবলে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের যৌক্তিক আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন থাকায় প্রতিটি কর্মসূচিতে বিপুল পরিমাণ অংশগ্রহণ হচ্ছে।”

শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়া মোসলেম উদ্দিন নামে এক অভিভাবক বলেন, “এতগুলো তাজাপ্রাণ ঝরে যাওয়ার পর একটা রাতেও শান্তিতে ঘুমাতে পারিনি। তাহলে আপনারাই বুঝেন, নিহতের পরিবারের কী অবস্থা? এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।”

মিছিলে অংশ নেওয়া নাজমুল ইসলাম নামে একজন বলেন, “ দেশে যে অস্থিরতা চলছে, বিবেকের তাড়নায় আন্দোলনে অংশগ্রহণ করেছি। এত অন্যায় কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এতগুলো প্রাণহানির পর কেন কোটা সংস্কার করা হল, আগে কি সরকার তা পারতো না।”

বিকালে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় নদী বাংলার সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা হয় সত্তোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী  আবদুল আজিজের সঙ্গে। 

তিনি বলেন, “টানা কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন ময়মনসিংহে বেশ জোড়ালো হচ্ছে। 

“শিক্ষার্থীরা আজ (শুক্রবার)  যে বিক্ষোভ কর্মসূচি দেখিয়েছেন, তাতে মনে হচ্ছে, তাদের সবচেয়ে বড় জমায়েত এটি। তাদের গণমিছিলে ১০-১২ হাজারের মতো মানুষের অংশগ্রহণ রয়েছে। শুধু শিক্ষার্থীরা নয়, আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণও লক্ষ্য করেছি।”