২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষার্থীকে জিম্মি করে টাকা ছিনতাই, ‘ছিনতাইকারী’ আটক

“তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 04:38 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

এ সময় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে ওই শিক্ষার্থী আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই এক ‘ছিনতাইকারী’কে আটক করা সম্ভব হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে সিলেটের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় ওই ছিনতাইকারীকে আটক করা হয় বলে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জায়েছেন। 

ছিনতাইয়ের শিকার মো. হাবিবুল্লাহ মেসবাহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

শাবি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জানায়, শনিবার রাত ৯টার দিকে টিউশন শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সামনে পৌঁছালে হাবিবুল্লাহকে তিন জন অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাকে পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক করলেও অপর দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

ছিনতাইয়ের শিকার হাবিবুল্লাহ মেসবাহ বলেন, “রাত ৯টার দিকে টিউশন থেকে ফেরার পথে তিন ছিনতাইকারী আমাকে আটক করে ‘গোয়াবাড়ি চা-বাগানের’ ভেতরে নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে আমার মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়।  

“এরপরও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সামনে গিয়ে এলাকাবাসীকে জানালে তারা একজনকে হাতেনাতে আটক করে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে আমরা উদ্ধার করি। তবে তার আঘাত গুরুতর ছিল না। তাই হাসপাতালে ভর্তি করাতে হয়নি।” 

তিনি বলেন, “এ ঘটনায় আটক ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসিকে বলেছি, যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম সম্পন্ন করা হয়।”

ওসি শামসুল হাবিব বলেন, “আসামি পুলিশ হেফাজতে আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”