২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল-৮: আযম খানের সঙ্গে বিরোধে বিএনপি নেতাদের ‘পদত্যাগ’

দলীয় প্রার্থী ‘আওয়ামী লীগকে পুনর্বাসনে’ কাজ করছে বলে বিএনপি নেতারা তাদের পদত্যাগপত্রে অভিযোগ এনেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

টাঙ্গাইল-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের সঙ্গে বিরোধের জেরে সখীপুর উপজেলায় দলের কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।   

দলীয় প্রার্থী ‘আওয়ামী লীগকে পুনর্বাসনে’ কাজ করছে বলে নেতারা তাদের পদত্যাগপত্রে অভিযোগ এনেছেন। তারা ২১-২৫ নভেম্বরের মধ্যে পদত্যাগ করেন। তাদের পদত্যাপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়ালে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।  

ছয়জন নেতা তাদের পদত্যাগপত্রে একই বয়ান ব্যবহার করেছেন। তাদের মধ্যে রয়েছে- সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহসভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সাজু, সদস্য আশরাফুল ইসলাম বাদল, উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ ও বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া।

টাঙ্গাইল-৮ আসন বাসাইল-সখীপুর উপজেলা নিয়ে গঠিত। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বাসাইল উপজেলার বাসিন্দা। সেই উপজেলায় বিএনপির কারও পদত্যাগের কোনো খবর পাওয়া যায়নি।  

পদত্যাগকারী নেতারা বলেছেন, বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার অবৈধ সরকারের আমলে দলের সব রাজনৈতিক কর্মসূচি তারা পালন করেছেন। যে কারণে আওয়ামী লীগের ‘পেটুয়া পুলিশ বাহিনী’ দ্বারা মিথ্যা মামলা-হামলায় একাধিকবার জেল-জুলুমসহ নানাবিধ অত্যাচার সহ্য করে দলীয় আদর্শ হৃদয়ে ধারণ করে দলের সব কর্মসূচি পালন করেছেন। 

তারা বলেন, বর্তমানে আহমেদ আযম খান ‘আওয়ামী লীগের সর্বস্তরের দোসরদের’ দলীয় কার্যক্রমে সামনের সারিতে এনে পুনর্বাসন করছেন। এর প্রতিবাদ করলে তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিমাতাসুলভ অনাকাঙ্ক্ষিত অসদাচরণ করেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি। 

এই ক্ষোভ থেকেই ছয় নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রের বলেছেন। 

এর অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আহমেদ আযম খানকে দেওয়া হয়েছে।  

আহমেদ আযম খান এরই মধ্যে ব্যাপকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তিনি গণসংযোগ, জনসভা, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে নিয়মিত অংশগ্রহণ করছেন। এর মধ্যে সখীপুর উপজেলার নেতাদের সঙ্গে তার বিরোধের বিষয়টি সামনে এল। এসব নেতা ও তাদের সমর্থকরা আযম খানের নির্বাচনি গণসংযোগ থেকে নিজেদের সরিয়ে রেখেছেন বলেও জানা গেছে। 

১৬ সেপ্টেম্বর সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহাজাহান সাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জেলা কমিটি। এই অব্যাহতির পেছনে আহমেদ আযম খানের হাত রয়েছে বলে সাজুর সমর্থকরা মনে করেন। সেটাও বিরোধের একটি কারণ বলে মন্তব্য করেন দলের কয়েকজন তৃণমূল নেতাকর্মী।  

পদত্যাগের ঘোষণা দেওয়া সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার বলেন, “আহমেদ আযম খান জিয়ার আদর্শের বাইরে গিয়ে কাজ করছেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। 

“বিষয়টি নিয়ে আমিসহ এ পর্যন্ত ২০-৩০ জন পদত্যাগ করেছি। প্রায় ২০০ নেতাকর্মী পর্যায়ক্রমে পদত্যাগ করবে। আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।”

সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার বলেন, “তাদের পদত্যাগের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।” 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “ফেইসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমরা এখনও কোনো কাগজ পাইনি। এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। 

“ধানের শীষের প্রার্থীর জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ, আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব।”

এসব বিষয়ে জানতে আহমেদ আযম খানকে তার মোবাইলে মঙ্গলবার বিকালে একাধিবার ফোন করলেও তিনি ধরেননি। 

অডিও ভাইরাল

সম্প্রতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক মণ্ডলকে হুমকি ও অশালীন ভাষায় কথা বলার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপির প্রার্থী আহমেদ আযম খান এই হুমকি দিয়েছেন। অডিওটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যাচাই করতে পারেনি।   

এর প্রতিবাদে বিভিন্ন উপজেলায় মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধারা। 

এর অংশ হিসেবে রোববার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে সংহতি জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। 

এ সময় তিনি বলেন, “খালেক মণ্ডলকে হুমকি দেওয়া মানে আমাকে এবং দেশের সব মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়া হয়েছে।”

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব আব্দুল হামিদ, সাবেক সদস্যসচিব শেখ হাবিব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. নুরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু তালেব মিয়া বক্তব্য দেন। 

খালেক মণ্ডল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি অভিযোগ করেন, ১৯ নভেম্বর বিএনপি প্রার্থী আহমেদ আযম খান তাকে মোবাইলে ফোন করে হুমকি দেন ও অশালীন কথাবার্তা বলেন।  

খালেক মণ্ডল বলেন, “আহমেদ আযম খান আমাকে ফোন করে গালাগাল করেছেন। পিঠের চামড়া থাকবে না বলেও হুমকি দিয়েছেন। তিনি আমার সঙ্গে যেভাবে কথা বলেছেন, তার হুবহু রেকর্ডের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।”

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আহমেদ আযম খান বলেন, “খালেক মণ্ডল সাহেব বিএনপির প্রতিপক্ষ কাদের সিদ্দিকীর অনুগতদের নিয়ে বাসাইল-সখীপুরে ১৬টি কমিটি দিয়েছেন। যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে কাজ করবে। 

“খালেক মণ্ডল সাহেব প্রতিনিয়ত বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন। এ বিষয়টি আমি তাকে জিজ্ঞেস করেছি। আমি তাকে কোনো হুমকি দেইনি। তিনি এআই দিয়ে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদও জানাচ্ছি।”