২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি মহল নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে: ঝালকাঠিতে জামায়াত প্রার্থী

এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 09:26 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

একটি মহল নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করার জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম।

জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক কার্যালয়, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশঙ্কা প্রকাশ করে এবং এর প্রতিবাদে মঙ্গলবার বিকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে তিনি একথা বলেন। 

কারো নাম না বলে জামায়াতে ইসলামীর প্রার্থী বলেন, “সাম্প্রতিক সময়ে আমাদের রাজনৈতিক কার্যালয়, ব্যক্তিগত বাড়িঘর এবং দোকানপাটে পরিকল্পিতভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে।

“নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।”

এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এবি পার্টির জেলা আহ্বয়ক শেখ জামাল হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির বি এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।