রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ২০
“হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগায় আপাতত সব রোগীকেই ‘সাসপেক্টেড’ হিসেবে ধরা হচ্ছে।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চারজন। মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে।
চিকিৎসক শংকর বলেন, “হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগায় আপাতত সব রোগীকেই ‘সাসপেক্টেড’ হিসেবে ধরা হচ্ছে। কারণ রাজশাহীতে দ্রুত এ পরীক্ষা করার সুযোগ নেই। তবে গত এক মাসে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মাত্র একজন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।”
রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী আসছে হাসপাতালে। রোগীর চাপ আরও বাড়লে আইসোলেশন সুবিধা বাড়ানো হবে বলেও জানিয়েছেন এই চিকিৎসক।
শংকর বিশ্বাস বলেন, শিশুদের চিকিৎসা সেবায় চাপ সামাল দিতে শিশু আইসিইউতে নতুন করে আরও ছয়টি বিছানা যুক্ত করা হয়েছে। এতে শিশু আইসিইউ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে। এর মধ্যে ১২টি বর্তমানে হামের আক্রান্ত শিশুদের জন্য ব্যবহৃত হচ্ছে।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর চাপ কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউর ১০টি বিছানা ব্যবহার শুরু হয়েছে। এরই মধ্যে দুইজন শিশুকে সেখানে পাঠানো হয়েছে।
