২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীর তীরে আরও ৫ রোহিঙ্গার মরদেহ

“তারা মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। ঝড়ে নৌকাডুবে তাদের মৃত্যু হয়।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 03:45 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে এক নারী ও চার শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। যারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে বিজিবি।  

উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ছুরিখাল এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশগুলো উদ্ধার করা হয় বলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান।

তাৎক্ষণিকভাবে ওই পাঁচজনের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।     

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন বলেন, নাফনদীর তীরে পাশাপাশি স্থানে চারটি শিশু ও একটু দূরে আরও একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিজিবি, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন এবং থানা পুলিশকে অবহিত করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশগুলো উদ্ধার করে।

বিজিবির এ কর্মকর্তা বলছেন, “মৃত পাঁচজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। তারা টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা দিল মোহাম্মদের আত্মীয়। তিনিই চারটি লাশ দাফন করার জন্য নিয়ে যান।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “নাফনদীর তীর থেকে উদ্ধার পাঁচটি লাশের পরিচয় শনাক্ত হয়নি। তবে দিল মোহাম্মদ নামে একজন রোহিঙ্গা নাগরিক মৃতদের নিকট আত্মীয় দাবী করে তাদের দাফনের ব্যবস্থা করেছেন।”  

এ প্রসঙ্গে দিল মোহাম্মদ বলেন, “মঙ্গলবার রাতেই শালবাগান রোহিঙ্গা আশ্রয়শিবিরের কবরস্থানে পাঁচজনের লাশ দাফন করা হয়েছে। তারা মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সেদিন রাতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে তাদের মৃত্যু হয়।”

আরও পড়ুন

নাফ নদী থেকে অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার