২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ফেরি ছাড়তে সোয়া ঘণ্টা দেরি, এমপি মাসউদ ও বিএনপি নেতার পরস্পরকে দোষারোপ

ফেরি ছাড়তে দেরির কারণ জানতে চাইলে যাত্রীদের বলা হয়, একজন ভিআইপি যাত্রী আসার পর ফেরি ছেড়ে যাবে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 09:33 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্ধারিত সময়ের সোয়া ঘণ্টা পর ফেরি ছাড়ার ঘটনা নিয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ও বিএনপি নেতারা পরস্পরকে দোষ দিচ্ছেন। 

রোববার সন্ধ্যায় উপজেলার নলচিরা ঘাটে এ ঘটনায় ফেরির যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় বলে জানান ফেরি ‘মহানন্দা’র মাস্টার মোজাম্মেল হক। 

তিনি বলেন, বিকাল সোয়া ৪টায় চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে ফেরিটি বিকাল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। নিয়ম অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে ফেরিটির আবার চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে এটি রাত ৮টার দিকে ছেড়ে যায়। 

মোজাম্মেল হক বলেন, “আগে থেকেই জানানো হয়েছিল যে, এমপি ঘাটে আসবেন, তাই ফেরি ছাড়তে কিছুটা দেরি হতে পারে।” 

যাত্রীদের অভিযোগ, বিকাল থেকেই বিভিন্ন যানবাহনের বুকিং নেওয়া হলেও ফেরি ঘাটে পৌঁছানোর পর নির্ধারিত সময়ে সেগুলো ওঠানো হচ্ছিল না। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নারী, শিশু ও অন্যান্য যাত্রীরা ভোগান্তিতে পড়েন। 

কয়েকজন যাত্রী বলেন, ফেরি ছাড়তে দেরির কারণ জানতে চাইলে তাদের বলা হয়, একজন ভিআইপি আসার পর ফেরি ছেড়ে যাবে। ফলে অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। কেউ কেউ ঢাকাগামী বাসও ধরতে পারেননি বলে অভিযোগ করেন। 

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দাবি করেন, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি ঘাটে পৌঁছান এবং প্রায় ৪৫ মিনিট সেখানে অপেক্ষা করেন। 

তিনি বলেন, পরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মী ফেরি আটকে রেখে তার বিরুদ্ধে যাত্রীদের উসকে দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে যাত্রীদের মধ্যে ‘এমপির জন্য ফেরি ছাড়া হচ্ছে না’- এমন তথ্যও ছড়ানো হচ্ছিল বলে তিনি দাবি করেন। 

মাসউদ বলেন, “যাত্রীদের কাছে বিষয়টি পরিষ্কার করার পর ফেরি ছাড়ার ব্যবস্থা করা হয়।” 

তবে বিএনপি নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

তিনি বলেন, ফেরি ছাড়তে দেরির প্রকৃত কারণ তদন্ত করলেই বিষয়টি পরিষ্কার হবে। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি। 

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিজান বলেন, “ফেরি বিলম্বের ঘটনায় বিএনপি বা যুবদলের কোনো সম্পৃক্ততা ছিল না। বরং সংসদ সদস্যের জন্য ফেরি আটকে রাখা হয়েছিল বলে যাত্রীরা ক্ষুব্ধ হন।” 

পরে সেই ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।