২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এখন ‘মুজিববাদের’ পাহারাদার: নাহিদ ইসলাম

পটুয়াখালী সার্কিট হাউজের সামনের সড়কে জুলাই পদযাত্রা উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি এখন ‘মুজিববাদের’ পাহারাদার: নাহিদ ইসলাম
পটুয়াখালীতে পদযাত্রায় বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

বিএনপি এখন ‘মুজিববাদী সংবিধান’, সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “আমরা বলেছিলাম, বাংলাদেশে ‘মুজিববাদ’ একটি বিভাজন তৈরি করেছে। ‘মুজিববাদী সংবিধান’ বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি। কিন্তু সেই ‘মুজিববাদী সংবিধান’, সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। 

“বিএনপি এখন চাঁদাবাজদের দল হয়েছে, সন্ত্রাসীদের দল হয়েছে। ‘মুজিববাদের’ নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ আর ‘মুজিববাদের’ নতুন পাহারাদার এসেছে।”

সোমবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজের সামনের সড়কে জুলাই পদযাত্রা উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

দুর্নীতি-অনিয়মের ব্যবস্থা বদলের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছিল মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, গণঅভ্যুত্থানের পরও সেই একই ব্যবস্থা, দুর্নীতি-মাফিয়াতন্ত্র চলছে। আমলাতন্ত্র আমাদের বিরুদ্ধে যড়যন্ত্র চলমান রেখেছে। তারা অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করছে।”

জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছিলাম, শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বার বার বিভাজন তৈরি করে রাখা হয়েছে। যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতর অনৈক্য থাকে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 

“যত ষড়যন্ত্রই হোক না কেন, আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাবেন।”  

তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আগামী ৩ অগাস্ট আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আদায় করে ছাড়ব। সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে।”

সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, এনসিপি নেতা মাহমুদা মিতু, মশিউর রহমান।

বক্তব্য শেষে এনসিপি নেতারা জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে শহরের চৌরাস্তায় এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। 

এর আগে বেলা সাড়ে ১১টায় শহরের সার্কিট হাউজের সামনের সড়ক থেকে পদযাত্রা শুরু হয়। সেটি নিউ মার্কেট, সদর রোড হয়ে লঞ্চঘাট, সবুজবাগ মোড়, কাজীপাড়া, তিতাস সিনেমা রোড হয়ে সার্কিট হাউসে এসে শেষ হয়।