২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিলের আগে গণভোটের বাস্তবতা নেই: নুর

সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি একথা বলেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে গণভোটের বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেছেন, “ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে ডিসেম্বরে তফসিল। তফসিলের আগে গণভোট করার কোনো বাস্তবতা নেই। 

“তাই আমরা মনে করি, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হতে পারে। তবে অবশ্যই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে গণভিত্তি ও আইনি ভিত্তি দিতে হবে।” 

রোববার বিকালে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। 

ডাকসুর সাবেক ভিপি বলেন, “গণঅধিকার পরিষদ সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছে। তবে এখনকার রাজনৈতিক দলগুলো সবাই মিলেমিশে গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে। যদি জাতীয় প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হয়, দেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা সেটি বিবেচনা করব। তফসিল ঘোষণা হলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” 

এ সময় তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসাবে মো. সরুজ্জামান সরকারের নাম ঘোষণা করেন। 

দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সরুজ্জামান সরকার, দলের সহসভাপতি ফারুক হোসাইন, কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম ও হানিফ খান সজিব, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি, নজরুল ইসলাম মাস্টার।