Published : 25 Apr 2026, 06:14 PM
চুয়াডাঙ্গায় মাদ্রাসা থেকে এক ছাত্র ‘নিখোঁজ’ হয়েছে। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে।
দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা থেকে ওই ছাত্র নিখোঁজ হয়। শুক্রবার ছাত্রের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ সিয়াম আহম্মেদ (১১) চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের আবজাল হোসেনের ছেলে। সে স্থানীয় হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সিয়ামের বাবা আবজাল হোসেন মাদ্রাসায় ছেলের জন্য দুপুরের খাবার নিয়ে যান। সে সময় সরাসরি ছেলের সঙ্গে দেখা না হলেও মাদ্রাসার ভেতরে নির্দিষ্ট স্থানে খাবার রেখে তিনি বাড়ি ফিরে আসেন। তবে এর কিছুক্ষণ পরই বেলা ৩টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে মোবাইল ফোনে জানায় যে, সিয়ামকে মাদ্রাসা চত্বরে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সিয়ামের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা যখন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন, তখনই তাদের কাছে একটি ফোন আসে। অজ্ঞাত এক ব্যক্তি সিয়ামের সন্ধান দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
পরবর্তীতে ফোন দাতার সঙ্গে পরিবারের দর কষাকষি হয় এবং একপর্যায়ে ১০ হাজার টাকায় বিষয়টি রফা হয়। তবে সিয়ামের পরিবার শর্ত দেয় যে, টাকা পাঠানোর আগে সিয়ামকে ভিডিও কলে দেখাতে হবে অথবা তার সঙ্গে কথা বলতে দিতে হবে।
এ সংক্রান্ত একটি অডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদকর্মীদের হাতে পৌঁছেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ছেলের কোনো সঠিক সন্ধান না পেয়ে এবং অপহরণের আশঙ্কায় চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে সিয়ামের পরিবার।
ওসি মেহেদী হাসান বলেন, “যে মোবাইল নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে, আমরা সেই সূত্র ধরে নিখোঁজ ছাত্রকে উদ্ধার এবং চক্রটিকে শনাক্ত করার জন্য কাজ করছি।”