গাজীপুরে নিখোঁজ নারী শ্রমিকের লাশ মিলল নদীতে
প্রাণ কারখানার শ্রমিক অনিতা কর্মকার মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মূলগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার হয় বলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান জানান।
নিহত অনিতা কর্মকার (৪০) নরসিংদীর মনোহরদী উপজেলার আড়াল গ্রামের সুবল কর্মকারের মেয়ে এবং টাঙ্গাইলের অসীম কর্মকারের স্ত্রী।
তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের প্রাণের কৃষি বিপণন কোম্পানি লিমিটেডের (এএমসিএল) কারখানায় কাজ করতেন। খীলপাড়া গ্রামে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, অনিতা মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার এ ব্যাপারে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
সকালে মূলগাঁও এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল এর ৪ নম্বর গেইট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান বলেন, “লাশটি কয়েকদিন পানিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
