পঞ্চগড়ের জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে ওসি ও ইউএনও জানান।
পঞ্চগড়ের জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় নীলফামারীর কিশোরগঞ্জে বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ থানা ওসি মো. আশরাফুল ইসলাম জানান।
নিহত নাজমুল ইসলাম (৩৫) ওই ইউনিয়নের উত্তর বড়ভিটা দলবাড়ী মধ্যপাড়া লাকার মৃত জমসের আলীর ছেলে। এ ছাড়া তিনি একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়ে বড়ভিটা বাজারে একটি ফিলিং স্টেশনে যাচ্ছিলেন নাজমুল।
সড়ক পার হতে গিয়ে রংপুরগামী পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে বহনকারী গাড়িটি নাজমুলের বাইকের সঙ্গে ধাক্কা খায়।
এতে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজমুল।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।
পাশাপাশি কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে নিহতের পরিবারকে আশ্রয়ন প্রকল্পে ঘরসহ পূর্ণবাসনের আশ্বাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক বলেন, “নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকার নাইন কবির।
“পাশাপাশি নিহতের পরিবারকে পুর্নবাসনে সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।”
