২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই গৃহবধূকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বলছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 03:54 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চারজনকে আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

রোববার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান।

আসামিরা হলেন- মো. সোহেল ও নুর করিম।

সোমবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানালেও  

তাদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

মামলার এজাহারে বলা হয়েছে, সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে একটি বাড়িতে ২১ জুন গভীর রাতে অস্ত্র নিয়ে ছয় সদস্যের ডাকাতদল প্রবেশ করে। তারা প্রথমে গৃহকর্তার হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এক পর্যায়ে তারা গৃহবধূকে ধর্ষণ করে।

পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, “মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুই জনকে গ্রেপ্তার করেছি। তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই গৃহবধূকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।